২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মান্নান দুই দিনের রিমান্ডে

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এমএ মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 06:04 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মনোয়ারা বেগম এ দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. সহিদ উজ্জামান জানান, বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের ঘটনায় জয়দেবপুর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে আনে পুলিশ।

ওই সময় আসামিপক্ষ রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করে।

শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানান অ্যাডভোকেট সহিদ উজ্জামান।

জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা জানান, গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুর পুলিশ লাইনের পশ্চিমে এবং গাজীপুর পল্লীবিদ্যুৎ কার্যালয়ের পূর্বদিকে ঢাকা-গাজীপুর সড়কে একটি যাত্রীবাহীবাসে পেট্রোল বোমা হামলা হয়।

এতে ওই বাসের পাঁচ যাত্রী দগ্ধ হন ও বাসটির কিছু অংশ পুড়ে যায়। 

পরদিন পুলিশ বাদী হয়ে মেয়র এমএ মান্নাককে হুকুমের আসামি করে ৩৯ জনের নামে এবং আরও ১০/২০ জনকে অজ্ঞাত আসামি করে এসআই রেজাউল করিম মামলাটি দায়ের করেন বলে জানান ওসি রেজা।

বুধবার বিকালে ঢাকার বারিধারার ডিওএইচএস এর নিজ বাসা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। মান্নান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য।