দানবের কাছে হারব না: হাসিনা
নাশকতাকারীদের ‘দানব’ আখ্যায়িত করে তাদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “যারা অকারণে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে; তারা কি মানুষ, না দানব? আমরা এই দানবদের কোনো ছাড় দেব না। দানবের কাছে মানুষ হারতে পারে না। আমরা এই দানবদের প্রতিহত করে দেশের শান্তি ফিরিয়ে আনব।”
এক মাসের বেশি সময় ধরে বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধে নাশকতায় প্রায় ৭০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এদের অধিকাংশ মারা গেছেন গাড়িতে দেওয়া আগুনে দগ্ধ হয়ে।
শেখ হাসিনা বলেন, ২০ দল আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষকে হত্যা করছে।
“এটা কি রাজনীতি? বিএনপি-জামায়াত জোট যা করছে, তা জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করছে।”
“তারা ধর্মের কথা বলে, কিন্তু তারা বিশ্ব ইজতেমা, মহানবীর জন্ম-ওফাত দিনেও তারা হরতাল-অবরোধ দিয়েছে। ১৫ লাখ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা হুমকির মুখে ফেলে দিয়েছে। কোটি কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এরা দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়।”
বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে গত ছয় বছরে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
আনসার বাহিনীর উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর এই বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করা হয়। ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ীকরণের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ৯ বছর করা হয়। আরও কমানো যায় কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
ব্যাটালিয়ন আনসারদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকি ভাতা দেওয়া, টাইম স্কেল, দুইটি বার্ষিক বর্ধিত বেতন ছাড়াও রেশন ভাতা ৫০ থেকে ৮০ টাকায় উন্নীত করার কথাও বলেন তিনি।
কর্তব্যরত অবস্থায় কোনো আনসার সদস্য মারা গেলে ৫ লাখ টাকা ও গুরুতর আহত হলে ২ লাখ টাকা অর্থিক অনুদান দেওয়ার কথাও বলেন সরকার প্রধান।
“আমরা অস্থায়ী ব্যাটালিয়ন আনসার, বিশেষ আনসার, হিল আনসার ও অঙ্গীভূত আনসার সবার জন্য মহার্ঘ্য ভাতা প্রদানের ব্যবস্থা করেছি। গত বছর ৬৭২ জন মহিলা আনসার সদস্যকে স্থায়ী পদে পদায়ন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সকলের মনে রাখা প্রয়োজন দেশের জনগণ সবার ওপরে। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে জনগণের জান-মালের হেফাজত করা সকলের পবিত্র দায়িত্ব।”
সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে আনসার একাডেমির মাঠে অবতরণ করেন। সোয়া ১০টার দিকে তিনি প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখানে তিনি খোলা জিপে করে আনসার বাহিনীর প্যারেড গ্রাউন্ড পরিদর্শন এবং সালাম নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খান, সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. এনামুল বারী, নৌ বাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বাংলাদেশ আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন, গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, গাজীপুর জেলা আনসার কম্যান্ডান্ট মীর মো. আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামাল প্রমুখ।
