এসএসসির ভুয়া প্রশ্ন ছড়িয়ে প্রতারণায় আটক ১
এসএসসির ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মহাখালীর সরকারি তিতুমীর কলেজের ছাত্র আটক আসাদুজ্জামান নূর ওরফে সাকিব (২০) ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার রাতে উত্তরার দক্ষিণখান এলাকা থেকে তাকে আটক করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর ভুয়া প্রশ্ন দিয়ে অনেক শিক্ষার্থীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন সাকিব। ফেইসবুকের মাধ্যমে তিনি প্রতারণার জাল ফেলেছিলেন।
গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, সাকিব ফেইসবুকে রিয়াজুল ইসলাম লিটন ছদ্মনাম ব্যবহার করে একটি আইডির মাধ্যমে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র আছে বলে বিভিন্ন জনকে প্রস্তাব দেন। যারা প্রশ্ন নিতে চাইত, তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ নিয়ে প্রশ্ন পাঠাতেন তিনি।
“চলতি বছরের হয়ে যাওয়া দুটি প্রশ্নপত্র তার কাছে আছে বলে বিক্রি করেছে সাকিব। কিন্তু কোনো প্রশ্নই কমন পড়েনি।”
“বিভিন্ন নামিদামি বিদ্যালয়ের সাজেশন থেকে সাকিব নিজেই ক, খ ও গ সেটের প্রশ্ন তৈরি করে প্রতারণার করে আসছিল,” বলেন মনিরুল।
সাকিব সরকারি তিতুমীর কলেজের পদার্থ বিজ্ঞানের স্নাতকোত্তর পর্বের ছাত্র।
