জাবির দুই শিক্ষার্থী আটক, সহকারী প্রক্টর লাঞ্ছিত
উপাচার্যের বাসভবনে হাতবোমা নিক্ষেপের ঘটনায় ছাত্রদলকর্মীসহ দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিকেল সাড়ে ৪টায় মার্কেটিং বিভাগের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেখ আদনান ফাহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ১৯ জানুয়ারি রাতে উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদলকর্মীকে আটক করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্যরা পুলিশ নিয়ে মার্কেটিং বিভাগে যায়।”
“মার্কেটিং বিভাগ থেকে ৪১তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ফয়সাল রাব্বী রিয়াদকে আটক করে বিভাগ থেকে বাইরে এনে পুলিশে সোপর্দ করার সময় রিয়াদের বন্ধু সনেট সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইনের ওপর হামলা করে। এতে তার নাক ফেটে যায়।”
পরে রিয়াদ ও সনেটকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।
সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, “আমরা ওই দুই শিক্ষার্থীকে ধরে ছিলাম যাতে বাহির থেকে কেউ তাদের উপর হামলা চালাতে না পারে। কিন্তু তারাই আমাদের এক সহকর্মীকে আঘাত করেছে।”
গত ১৯ জানুয়ারি রাতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
