সহিংসতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষক
বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ আর হরতালে পেট্রোল বোমা হামলাসহ নাশকতার মামলায় হুকুমের আসামি খালেদা জিয়ার বিচার দাবি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ।
বুধবার বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বঙ্গবন্ধু পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে মানববন্ধনে উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপাচার্য অধ্যাপক আশরাফ বলেন, "দেশজুড়ে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুমদাতা হিসেবে বিএনপি-জামায়াত জোট নেত্রী বেগম খালেদা জিয়ার বিচার করতে হবে।"
সাধারণ মানুষকে জিম্মি না করে রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
বর্তমান সহিংসতা পরিহার করে শিক্ষার্থীদের জিম্মি দশা থেকে মুক্তি দিতে মানববন্ধন থেকে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আইনুল হক।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কুণ্ডুগৌপি দাস, রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, ছাত্র উপদেষ্টা আহসান উল্লাহ, বাণিজ্য অনুষদের ডিন বিশ্বজিৎ চন্দ্র দেবসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এছাড়া মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা একাত্মতা পোষণ করেন।
