গাজীপুরে কলেজছাত্র খুন, মা গুলিবিদ্ধ
গাজীপুরের কালীগঞ্জে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও গুলি করে এক কলেজছাত্রকে খুন করেছে। এ ঘটনায় ওই ছাত্রের মা গুরুতর আহত হয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নাগরী ইউনিয়নের কালীকোটি গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় নয়নের মা মোছা. ইয়াসমিনকে (৪৩) ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মো. নয়ন মিয়া (২২) কালীকোটি গ্রামের ঠিকাদার মো. নবী হোসেনের ছেলে। তিনি ঢাকার তিতুমীর সরকারি কলেজে স্নাতক (পাস কোর্স) মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান ওসি মোস্তাফিজুর।
নিহতের বাবা নবী হোসেন বলেন, সকালের নাস্তা করে কাজে চলে যাওয়ার পর তার চাচা শ্বশুড়ের ছেলে ইমান আলী ও সালাউদ্দিনের নেতৃত্বে অস্ত্রসহ ১৪/১৫ জন তার বাড়িতে হামলা করে।
তারা নয়ন ও তার মাকে রামদা ও চাপাতি দিয়ে কোপায় এবং পিস্তল থেকে গুলি করে।
এক পর্যায়ে আহত হয়ে নয়ন দৌড়ে পাশের এক আত্মীয় বাড়ি গিয়ে ওঠে। এ সময় সন্ত্রাসীরাও তাকে তাড়া করে ওই বাড়িতে গিয়ে নয়নের মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
নবী হোসেন আরও বলেন, দীর্ঘদিন ধরে কালীকোটি এলাকায় শ্বশুরের দেওয়া জায়গায় বাড়ি করে পরিবারে নিয়ে থাকছেন। ৬/৭ মাস আগে তার চাচা শ্বশুড়ের ছেলে ইমান আলী জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার তাদের হুমকি দেয়।
এ নিয়ে স্থানীয় গণ্যমান্যরা একাধিকবার সালিশ করে মিমাংসা করে দিলেও ইমান লোকজন নিয়ে এ হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
