গাজীপুরে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা
গাজীপুরের জয়দেবপুরে এক পোশাক শ্রমিক কর্মক্ষেত্রে যাওয়ার পথে দুর্বৃত্তের পিটুনিতে নিহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে কড্ডা নান্দুন এলাকায় এ ঘটনায় নিহত মনি রানী দাস (২২) নামে ওই তরুণী ‘জেকে কটন মিল লিমিটেড’ কারখানার কর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলার মনপুরা এলাকার সীতাকুণ্ড গ্রামে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জানান, সকালে ওই এলাকায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
নিহত মনি রানী স্থানীয় গোবিন্দ দাসের বাড়িতে ভাড়া থাকতেন।
“ভোরে কারখানায় যাবার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। পথে কোন এক সময় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়,” বলেন এসআই নাজমুল।
ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা লাঠি উদ্ধার করা হয়েছে।
লাশ গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
