নেত্রকোণায় ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ ২
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে নেত্রকোণার দুর্গাপুরে পাথরবোঝাই ট্রাকে পেট্রোল বোমা হামলায় চালকসহ দুজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার বিরিশিরি এলাকায় ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- চালক আশরাফুল ইসলাম (২৮) ও তার সহকারী সোহাগ মিয়া (২২)। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলপুর এলাকায়।
দুর্গাপুর থানার ওসি রেজাউল করিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্গাপুর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে বিরিশিরির তিশিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়লে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনোয়ারুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালকের শরীরের ১৫ শতাংশ ও তার সহকারীর শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।
তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই চিকিৎসক।
