২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওই মৃত্যু দেখে সারা পৃথিবী শিউরে উঠেছে’

লোহার খাঁচায় জর্ডানের সেই বৈমানিক বন্দির চারপাশে আগুন জ্বালিয়ে দিয়েছে আইএস সদস্যরা। আগুনটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। কী ভয়াবহ মৃত্যু!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 08:54 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

ওই একটি মৃত্যু দেখে সারা পৃথিবী শিউরে উঠেছে। আর আমার দেশের এ মৃত্যু প্রতিদিন।

মঙ্গলবার মুন্সীগঞ্জে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর আমাদের দেশে চলমান সহিংসতা প্রসঙ্গে কথাগুলো বলেছেন।

তিনি বলেন, “যারা কোনো দল করে না, রাজনৈতিক মতবাদ প্রচার করে না, যারা শুধু জীবিকা অর্জনের মধ্য দিয়ে জীবনযাপন করে সেই মানুষগুলোকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। 

“কল্পনা করতে পারেন পুড়তে একটা মানুষকে কত কষ্ট পেতে হয়? কত বীভৎস সে মৃত্যু!”

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে সরকারের সংলাপের বিষয়ে তিনি বলেন, অনেক দেশ বলছে আপনারা সংলাপ করুন। কিসের সংলাপ, কার সথে সংলাপ?

এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে তো একশ কোটি টাকা লাগে। এরপর যে সরকার আসবে, তার বিরুদ্ধ পক্ষ একশ কোটি টাকা খরচ করে দেশে এ পরিবেশ সৃষ্টি করবে।

এরপর সংলাপে বসতে হবে এবং তার সঙ্গে একটা ‘কম্প্রমাইজে’ বসতে হবে এবং তার হাতে ক্ষমতাটা তুলে দিতে হবে।

“এটা কি রাজনীতি হতে পারে? একটা দেশের সন্ত্রাসের মোকাবেলা করতে গেলে কি সংলাপ দিয়ে হয়? পৃথিবীতে কোথাও এমনটা হয়নি।” 

সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেনি প্রাঙ্গণে ‘অনিয়মিত সাহিত্য ও সাস্কৃতিক গোষ্ঠী’ আয়োজিত ছয় দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন আসাদুজ্জামান নুর।

সংগঠনটির সভাপতি সুজন হায়দার জনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমদাত হোসাইন, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আকম গিয়াস উদ্দিন আহম্মেদ, সাবেক দুই সভাপতি আর্শেদ উদ্দিন চৌধুরী ও মোস্তফা আল মামুন টিটু এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাগর।