চট্টগ্রামে বাসে হাতবোমায় নারী আহত
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে চট্টগ্রাম নগরীতে বাসে হাতবোমার হামলায় এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে নগরীর চান্দঁগাওয়ে আনোয়ারামুখী একটি বাসে হাতবোমা ছুড়ে দুর্বৃত্তরা।
আহত রহিমা বেগম (৪৫) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিলপুর গ্রামের বাসিন্দা।
রহিমা বেগমের ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আনোয়ারামুখী একটি বাসে উঠে আমার মা অপেক্ষা করছিলেন।
“দুপুর একটার দিকে মোটরসাইকেল আরোহী দুই যুবক রাস্তার মাথা এলাকায় দাঁড়ানো বাসটিতে ককটেল ছুড়ে মারলে মা গুরুতর আহত হন।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, দুপুর দেড়টার দিকে রহিমা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কপালে ককটেলের স্লিন্টারের আঘাত রয়েছে।
