২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিবন্ধন শুরু সৌদি গমনেচ্ছুদের

সৌদি আরবে যেতে ইচ্ছুকদের নিবন্ধন চট্টগ্রামের জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 04:22 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

মঙ্গলবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয় বলে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার জানিয়েছেন।

সৌদি আরবে বছরে এক লাখ ২০ হাজার কর্মী পাঠাতে দেশটির সঙ্গে সন্ধ্যায় একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

২০০৮ সাল থেকে সৌদি আরব বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছিল। এ বছর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

গত সোমবার দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠকের পর বাংলাদেশি কর্মী পাঠানোর পথ আবার উন্মুক্ত হয়।

গণমাধ্যমে এ খবর প্রচারিত হলে ওই দিনই চট্টগ্রাম জেলা জনশক্তি কার্যালয়ে আগ্রহীরা নিবন্ধনের জন্য ভিড় জমান।

জহিরুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কাছ থেকে নির্দেশনা পেয়ে মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু হয়েছে।

“আগ্রহীদের দেওয়া ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। পরে তাদের নিবন্ধন নম্বর দেওয়া হবে।”

১৮-৪৫ বছর বয়সী আগ্রহী পুরুষ কর্মীরা তাদের নাম নিবন্ধন করতে পারবেন। গৃহকর্মী হিসাবে আগ্রহী নারীদের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

নিবন্ধনের জন্য পাসপোর্টের ফটোকপি (যদি থাকে) এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সনদের (যদি থাকে) ফটোকপি আনতে হবে।

পাশাপাশি আগ্রহীদের একজন নমিনির নাম ও ফোন নম্বর, স্থায়ী ঠিকানা (যে ঠিকানায় যোগাযোগ করা হবে) উল্লেখ করতে হবে।

নিবন্ধনের আবেদনপত্রের সঙ্গে সোনালী ব্যাংকের দেড়শ টাকার একটি পে-অর্ডার জমা দিতে হবে।