একুশে গ্রন্থমেলায় নান্দনিকতার ছোঁয়া
বেড়েছে পরিসর, নান্দনিকতার ছাপও স্পষ্ট। বছর দুয়েক আগে ভিড় আর ঘিঞ্জির যে অভিযোগ পাওয়া যেত, এবারের একুশে গ্রন্থমেলায় তা অনুপস্থিত বললে ভুল হবে না।
সোমবার মেলায় আসা দর্শনার্থীদের কাছে সার্বিক আয়োজন নিয়ে প্রশ্ন করে ইতিবাচক সাড়াই মিলল। মেলার পরিসর, পরিপাটি স্টলের সাজ আর দর্শনার্থীবান্ধব পরিবেশ নিয়ে নিজেদের তৃপ্তির কথা জানান বইপ্রেমীরা।
তবে উদ্যানের অংশে ধুলা নিয়ে অপত্তিও তুলেছেন কেউ কেউ।
মেলার উদ্যানের অংশেই রয়েছে শীর্ষস্থানীয় প্রকাশনাগুলো। সেখানে চারপাশে বেষ্টনী, পানির ফোয়ারা, অনেক স্থানে কৃত্রিম ঘাস বসিয়ে সৌন্দর্য বর্ধন করা হয়েছে।
উত্তরপাশে স্থাপন করা হয়েছে স্বচ্ছ কাঁচের দেয়াল, যাতে উদ্যানের লেক, শিখা চিরন্তনসহ অন্যান্য সন্দর্যগুলো দেখতে পায় দর্শনার্থীরা। এছাড়া মোড়ে মোড়ে স্থাপন করা ডাস্টবিন, প্যাভিলিয়নগুলোর ফাঁকে ফাঁকে স্থাপন করা বসার আসন মেলার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
দিনভর মেলার উভয় অংশে ঘোরাফেরা আর পছন্দের বই কেনার পর সন্ধ্যায় উদ্যানের অংশে পাম গাছের নিচে নির্মিত বাঁশের লম্বা টেবিলে বসে গল্প করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী এমএ মান্নান ও তার বন্ধু মামুনুর রশিদ।
এবারের মেলায় কয়েকটি স্টল দৃষ্টিনন্দন হয়েছে বলেও নিজের অনুভূতির কথা জানান মান্নান। অবশ্য পাশে বসা তার বন্ধু মামুনের আপত্তি রয়েছে মাঠের ধুলা নিয়ে।
“কর্তৃপক্ষ পানি ছিটালেও ধুলা কিন্তু একেবারে নেই তা বলা যাবে না। যেহেতু এখানে প্রতিবছরেই মেলার আয়োজন হচ্ছে তাই স্থায়ীভাবে এখানে দুর্বা ঘাষের বোপণ করলে এমনটি হয়তো থাকতো না,” বলেন মামুন।
মেলায় ঘুরতে আসা ইডেন কলেজের স্নাতকের শিক্ষার্থী মুন্নী ও বুশরাও জানালেন সৌন্দের্যের বিবেচনায় এবারের মেলার বিশেষত্ব রয়েছে। উত্তর পাশের কাঁচের দেয়ালের সুযোগে দেখা মেলা স্বাধীনতা স্তম্ভ ও উদ্যানের বাকি অংশ মেলার সৌন্দর্যকে আরও উঁচুতে নিয়ে গেছে বলে জানান তারা।
উদ্যানের অংশে এবারই প্রথমবারের মতো মেলার বসানো হয়েছে প্রথম সারির প্রকাশনাগুলোর ১১টি প্যাভিলিয়ন। বাংলা একাডেমির নিজস্ব প্রকাশনা নিয়ে সাজানো হয়েছে একটি প্যাভিলিয়ন, মেলার প্রবেশের শুরুতেই যার মুখোমুখি হবেন দর্শনার্থীরা।
একাডেমির প্যাভিলিয়নটির পাশেই একতলা সমান উচ্চতা নিয়ে নির্মিত স্টলটির বাইরের অংশ বইয়ের আকৃতি। এই প্রকাশনার বিখ্যাত বইগুলোর প্রচ্ছদ দিয়ে মোড়ানো হয়েছে চারিপাশ। এছাড়া কিছু অংশ দেওয়া হয়েছে লেখকদের বিখ্যাত উক্তি, প্রতিকৃতি।
ইউপিএল এর বিক্রয় কর্মকর্তা কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দৃষ্টিনন্দন একটি প্যাভিলিয়ন করার কথা কয়েক বছর ধরেই তারা ভাবছিলেন। এবার একাডেমির অনুমোদ পেয়ে প্রতিষ্ঠানের সেই ইচ্ছার বাস্তায়ন হল। প্যাভিলিয়ন নির্মাণে প্রায় সাত লাখ টাকা খরচ পড়েছে বলে জানান তিনি।
মেলার পূর্বপাশের খোলামেলা একটি স্থানে প্যাভিলিয়ন করার সুযোগ পেয়েছে অন্যপ্রকাশ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বইয়ের জন্য বিখ্যাত এই প্রকাশনাটির পাশেই কয়েকটি বসার আসন স্থাপন করা হয়েছে। অন্য প্রকাশের খানিকটা দক্ষিণেই রয়েছে সময় প্রকাশের প্যাভিলিয়ন। গোলাকৃতির ওই স্টলে সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন সুপরিচিত জনের বই রয়েছে। সোমবার সেখানে দর্শক সমাগমও ছিল চোখে পড়ার মতো।
মেলায় প্যাভিলিয়ন তৈরির সুযোগ পাওয়া অপর প্রকাশনা সাহিত্য প্রকাশ। তাদের পঞ্চকৌনিক আকৃতির ঘরের ওপর চৌচালা বসিয়ে নির্মিত স্টলটি কমবেশি সব দর্শকেরেই দৃষ্টি কেড়েছে।
পূর্ব-উত্তর কোণার দৃষ্টিনন্দন আরেকটি স্টল পাঠক সমাবেশের। শাহবাগের বিপণনকেন্দ্রের আদলেই উদ্যানের মাঠে স্টল তৈরি করেছে দেশ বিদেশি বইয়ের এই প্রকাশনা সংস্থাটি। চারপাশ থেকেই স্টলে ঢোকার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পাঠকদের বসার জন্য রাখা হয়েছে একাধিক সোফা, চেয়ার।
প্রকাশকদের দাবি অনুযায়ী মেলায় সবচেয়ে ব্যয়বহুল প্যাভিলিয়ন প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের।
রাজনৈতিক অস্থিরতার প্রভাবে দর্শনার্থীর সমাগম কিছুটা কমলেও অন্যান্য বছর মেলার শুরুর দিকে বিক্রি যেমনটি হয় এবার তার চেয়ে খুব একটা কম নয়।
প্রথম এক সপ্তাহে ২২ লাখ টাকারও বেশি বিক্রি হয়েছে বলে বাংলা একাডেমির পক্ষ বিপণনকেন্দ্রগুলো থেকে জানানো হয়। এছাড়া পরিচিত প্রকাশনা সংস্থাগুলোও জানিয়েছেন, হরতাল-অবরোধ উপেক্ষা করে দর্শক সমাগম ও বেচাবিক্রিতে সন্তুষ্ট তারা।
মেলার নতুন বই
প্রথম আটদিনে সহস্রাধিক নতুন বইও মেলায় প্রকাশিত হয়েছে।
সোমবার নতুন ১২৯টি বই প্রকাশিত হয়েছে বলে তথ্যকেন্দ্র থেকে জানানো হয়। এর মধ্যে ২১টি গল্প, ১৭টি উপন্যাস, ৯টি প্রবন্ধ, ৩৭টি কবিতা, ৬টি গবেষণা, দুইটি ছড়া ও ছয়টি জীবনীগ্রন্থ রয়েছে। বাকিগুলো অন্যান্য বই।
সোমবার সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয় মেলায়।
