২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাত ৯টার পর বাস না চালাতে মতৈক্য

চলমান সহিংসতার মধ্যে রাত ৯টার পর মহাসড়কে বাস না চালাতে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন পরিবহন মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 06:51 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

সোমবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।

বিএনপি জোটের অবরোধ-হরতালে পুলিশ-বিজিবি পাহারায় গাড়ি চলাচলের মধ্যেও কয়েকটি নাশকতার ঘটনার পর এই সিদ্ধান্ত এল।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমরা মালিক সংগঠনের নেতৃবৃন্দকে আগেই অনুরোধ করেছিলাম যে যাত্রীবাহী বাস যেন রাত ৯টার মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারে।

“তখন মালিকরা আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করলেও আজ দীর্ঘ আলোচনার পরে তারা এ বিষয়ে সরকারের সঙ্গে একমত হয়েছেন।”

“পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নৈশকোচ চলবে না। তবে সব ধরনের মালবাহী গাড়ি চলবে,” বলেন তিনি।

গত এক মাস ধরে অবরোধে মহাসড়কে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। অগ্নিদগ্ধ হয়ে অর্ধ শত মানুষও ইতোমধ্যে নিহত হয়েছেন, যার অধিকাংশই গাড়িচালক কিংবা চালকের সহকারী।  

এই নাশকতার মধ্যে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে পুলিশ ও বিজিবির টহলের পাশাপাশি প্রায় ১ হাজার পয়েন্টে ১২ হাজার আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্তও নেয় সরকার। কিন্তু তার মধ্যেও ঘটে নাশকতা।

প্রতিমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের গাইবান্ধা, চট্টগ্রাম ও বরিশালের কয়েকটি এলাকায় ঘটনাগুলো ঘটেছে। ওই এলাকাগুলো চিহ্নিত করে দুর্বলতা খুঁজে বের করে নিশ্ছিদ্র নিরাপত্তা নেওয়ার পর সব যাত্রীবাহী পরিবহন দিন-রাতে চলবে।

পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন সময় লাগতে পারে- জানতে চাইলে তিনি বলেন, “শিগগিরই, অচিরেই দিন-রাত গাড়ি চালানো কন্টিনিউ করব।”

বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ সাংবাদিকদের বলেন, “আমাদের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে এবং রোড সচল হয়েছে। শুধু উত্তরবঙ্গ ও চট্টগ্রামের কিছু জায়গায়ই সমস্যা হচ্ছে।”

অবরোধে গাড়ি চালাতে গিয়ে নাশকতার জন্য ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল সরকার।

এনায়েতউল্লাহ জানান, ক্ষতিপূরণ চেয়ে গত বৃহস্পতিবার পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর ৬৭৪টি আবেদন পাঠানো হয়েছে।

ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমরা আবেদন করেছি। তা যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে শুনেছি।”

পুরনো খবর:

সড়ক সচলে নামছে ১২ হাজার আনসার