ফেনীতে বোমা বিস্ফোরণে শ্রমিক আহত
বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ ও হরতালে ফেনীতে হাতবোমা বিস্ফোরণে এক দিনমজুর আহত হয়েছেন।
এছাড়া মহাসড়কে পিকেটারদের হামলায় আহত হয়েছেন এক কভার্ডভ্যান চালক।
সোমবার দিনে ও রোববার রাতে এ দুটি ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, সকালে শহরের ইসলামপুর এলাকায় মাটি কাটার সময় একটি হাতবোমা বিস্ফোরণে ওই দিনমজুর আহত হন।
আহত নসু মিয়া (৩০) বরগুনার আমতলী তারকাটা আরফাঙ্গা এলাকার মির্জা আলীর ছেলে। ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করার কথা জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাননি পরিদর্শক শাহীনুজ্জামান।
ফেনী সদর হাসপতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা জানান, নসু মিয়ার দুটি চোখে হাতবোমার স্প্লিন্টার ঢুকে পড়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, রোববার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রামপুর এলাকায় পিকেটারদের ছোড়া ইটের আঘাতে মো. বাবুল নামে এক কর্ভাডভ্যান চালক আহত হয়েছেন।
বাবুল নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকার আবদুল ওয়াজেদের ছেলে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক শাহীনুজ্জামান জানান, রোববার মধ্যরাতে অবরোধ সমর্থকরা মহাসড়কে ফেনীর পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাক-কভার্ডভ্যানসহ অন্তত তিনটি গাড়ি ভাংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
