২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গজারিয়ায় পেট্রোল বোমায় পুড়ল পাঠ্যবই

বিএনপি জোটের অবরোধের মধ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাথমিকের বইবোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2015, 09:51 AM

Updated : 12 Oct 2022, 03:16 PM

সোমবার সকালে জামালদি বাসস্ট্যান্ড এলাকার এ হামলায় ট্রাকচালক আহত হন, পুড়ে গেছে বেশ কিছু বই।

ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার পরপরই ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে চালক হারুন অর রশিদ (৪০) সামান্য আহত হন। তবে, তার সহকারীর কোনো ক্ষতি হয়নি।

চালকের বরাত দিয়ে এসপি বিপ্লব বলেন, ঢাকা থেকে প্রাথমিক পর্যায়ের বইগুলো নিয়ে ট্রাকটির লক্ষ্মীপুরের রায়পুর, রামগতি, কমলনগরে পৌঁছে দেওয়ার কথা ছিল।  

“হামলাকারীরা প্রথমে একটি পেট্রোল বোমা ছুড়লে সেটি ট্রাকের সামনের কাচে লাগে, এর পর আরও একটি বোমা ছোড়ার আগে চালক ও তার সহকারী ট্রাক থেকে নেমে যায়।”

এরই মধ্যে কিছু দূরে থাকা পুলিশ আসতেই হামলাকারী দুই যুবক বোমাগুলো ফেলেই পালিয়ে যায়।

পুলিশ ও আশপাশের লোকজন মিলে ট্রাকের আগুন নিভিয়ে ফেলে।  

চালক রশিদ বলেন, আগুনে বেশ কিছু বই ও ট্রাকের কিছু অংশ পুড়ে গেছে।

এদিকে লৌহজং উপজেলায় চালকের বাড়ির পাশে থামিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।  

সোমবার ভোর ৪টার দিকে পুরনো ফেরিঘাটে গোধূলী পরিবহনের ওই বাসটিতে আগুন লাগে বলে মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য ইউনুস আলী জানিয়েছেন।

আগুন দেখে আশপাশের লোকজন মিলে তা নিভিয়ে ফেলে। বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।   

“আগুন লাগানোর কারণ জানা যায়নি। তবে বোমার কোন আলমাত পাওয়ায় যায়নি,” বলেন ফাঁড়ি পুলিশ সদস্য ইউনূস।