অধ্যাপক এমাজউদ্দীনের বাসায় গুলিবর্ষণের নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বাসা লক্ষ্য করে গুলিবর্ষণের নিন্দা জানিয়েছে ‘শত নাগরিক’।
রোববার তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, “ড. এমাজউদ্দীন আহমদ যখন জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠায় সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে প্রস্তাবনা উপস্থাপন করে সমাধানের পথ বের করার চেষ্টা করছেন, তখনই তার বাসায় গুলি ও হামলা করে কোনো গোষ্ঠী সঙ্কট সমাধানের পথগুলো বন্ধ করে দেওয়ার অপচেষ্টা করছে।”
বিএনপি জোটের টানা অবরোধে নাশকতার মধ্যে শনিবার রাতে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পরামর্শকদের অন্যতম হিসেবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দীনের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তবে এতে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ‘শত নাগরিক জাতীয় কমিটি’র আহ্বায়ক এমাজউদ্দীন ‘ঐকমত্যের সরকারের’ একটি প্রস্তাব সম্প্রতি তুলে ধরেন। তিনি এর আগে বলেছিলেন যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেও নির্বাচন হতে পারে।
‘শত নাগরিকের’ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “এমাজউদ্দীন আহমদের বাসায় গুলি ও হামলায় আমাদের কাছে স্পষ্ট হয়, এ দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের জীবনেরও ন্যূনতম নিরাপত্তা নেই। বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ।”
‘শত নাগরিক জাতীয় কমিটি’র সদস্য সচিব কবি আবদুল হাই শিকদারের পাঠানো এই বিবৃতিতে হামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, কবি আল মাহমুদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাদেক খান, ফরহাদ মজহার, মাহবুব উল্লাহ, শফিক রেহমান, রিয়াজ উদ্দিন আহমদ, শওকত মাহমুদ প্রমুখ।
