শাকিলের প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে
একুশের গ্রন্থমেলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
শুক্রবার অন্বেষা প্রকাশনীর স্টলের সামনে ‘খেরোখাতার পাতা থেকে’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্টজনরা বলেন, শাকিল মূলত রাজনীতিক হলেও তার ভেতর একটি চমৎকার কবিমন রয়েছে।
সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার অনুষ্ঠানে বলেন, “শাকিলের কবিতায় প্রেম, প্রকৃতি, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এসেছে আনন্দ-বেদনার রূপকল্পে।”
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, “শাকিলের কাছ থেকে একটি করে কবিতার বই চাই।”
কবি রফিক আজাদ বলেন, “কবি হবার সব গুণ রয়েছে শাকিলের মধ্যে।”
কবি হাবিবুল্লাহ্ সিরাজী বলেন, “আশা করি, শাকিল লিখে যাবেন।”
অভিভূত শাকিল কাব্যগ্রন্থের বিষয়ে বলেন, “আমার নিজের ভাবনা, নিত্যদিনের আবেগ ও কষ্টকে বাণীবদ্ধ করেছি এ কাব্যগ্রন্থে। কতটুকু সফল হয়েছে তা বিচার করবেন পাঠক।”
মিডিয়া ব্যক্তিত্ব অঞ্জন রায়ের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাট্যজন পীযূষ বন্দোপাধ্যায়, কবি ইকবাল হাসান, ছড়াকার আসলাম সানি, গীতিকার আসিফ ইকবাল, সংস্কৃতি কর্মী জয়দেব নন্দী ও গ্রন্থটির প্রকাশক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
