‘কালো ব্যাজ’ পরে প্রতিবাদ জানাবে গণজাগরণ
হরতাল-অবরোধে নামে সহিংসতার প্রতিবাদে কলো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানাবে গণজাগরণ মঞ্চ।
রোববার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরে সামনে জামায়াত-শিবিরের হরতালের বিরুদ্ধে মঞ্চের অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন, “দেশবাসীকে বিনীতভাবে আহ্বান জানাই, আপনারা আজ থেকে এই নাশকতা, এই হরতাল, এই ধ্বংসের রাজনীতির বিরুদ্ধে, মানুষ হত্যার বিরুদ্ধে ‘কালো ব্যাজ’ ধারণ করবেন।”
এর আগে সকালে শাহবাগে জাতীয় জাদুঘরে সামনে জামায়াত-শিবির হরতালের বিরুদ্ধে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চেরকর্মীরা।
এ সময় তারা হরতাল এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দেয়।
পরে শাহবাগ থেকে একটি হরতাল বিরোধী মিছিল বের করেন তারা।
ইমরান বলেন, “যতদিন পর্যন্ত এই মানুষ হত্যার রাজনীতি বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত এই ব্যাজ ধারণ কর্মসূচি অব্যাহত থাকবে।”
“তাই দ্রুত জামায়াত-শিবির নামে এই জঙ্গি সংগঠনটিকে আইন করে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।”
