২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটির নির্বাহীকে আর্থিক ক্ষমতা প্রদান

সিলেট সিটি কর্পোরেশনের (এসসিসি) প্যানেল মেয়র নিয়ে জটিলতার মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবকে কর্পোরেশনের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 08:39 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে এই দায়িত্ব দেওয়া হয় বলে নিশ্চিত করেন এনামুল হাবিব নিজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এ আদেশের পরও 'প্যানেল মেয়র' হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা জানানো হয়নি। তবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এই দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে মন্ত্রনালয় থেকে।

এই আদেশের ফলে মেয়রের অনুপস্থিতিতে অচল হয়ে পড়া এসসিসির প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সচল হওয়ার সুযোগ সৃষ্টি হলো বলে দাবি করেন এনামুল হাবিব।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় গত ৩০ ডিসেম্বর থেকে কারাবন্দি রয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এর মধ্যে গত ৭ জানুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়।

'প্যানেল মেয়র' নিয়ে জটিলতার বিষয়টি নিয়ে এসসিসির প্রধান নির্বাহী জানান, কিবরিয়া হত্যা মামলায় আত্মসমর্পণের আগে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী লিখিতভাবে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে যান দুই নম্বর প্যানেল মেয়র সালেহ আহমদকে।

এর আগে বিধিবহির্ভূত কার্যকলাপের অভিযোগে এক নম্বর প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা।

কিন্তু মন্ত্রণালয় থেকে এক এক নম্বর প্যানেল মেয়রকে দায়িত্ব দেওয়ার জন্য বলা হয়। ফলে প্যানেল মেয়রের পদ নিয়ে জটিলতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

এ ব্যাপারে হাই কোর্ট একটি স্থিতাবস্থা প্রদান করে।