বান্দরবানে পাহাড় ধসে শ্রমিক নিহত
বান্দরবানে পাহাড় কাটার সময় মাটি ধসের এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হন আরও পাঁচজন।
রোববার বেলা ১২টায় শহরের বনরূপা পাড়ার সিদ্দিক নগরে এ দুর্ঘটনায় মারা যান মাটিকাটা শ্রমিক জাকারিয়া (৩৫)।
স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী সেলিম আহম্মদ চৌধুরী বলেন, সকালে ওই এলাকার ব্যবসায়ী অমল কান্তি দাশের নির্মাণাধীন সড়কে আট/নয় জন শ্রমিক পাহাড় কাটছিলেন।
বেলা ১২টার দিকে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে ছয় শ্রমিক চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন বলে জানান সেলিম।
সদর হাসপাতালের আবাসিক ডা. অংশৈপ্রু জানান, আহত পাঁচ জনের মধ্যে জিহান নামে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বান্দরবান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন জানান, বিষয়টি তদন্তনাধীন রয়েছে।
