সিদ্ধিরগঞ্জে পেট্রোল বোমাসহ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরে পাঁচটি পেট্রোল বোমাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার সিদ্ধিরগঞ্জের পূর্ব সানারপাড়া এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
সেলিম মিয়া (৩৪) ওই এলাকার মাহমুদুর রহমান মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া জানান, ভোর ৪টায় সিদ্ধিরগঞ্জের পূর্ব সানারপাড়া এলাকার আব্দুল হান্নানের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় ওই বাড়ির একতলার ভাড়াটিয়া সেলিমকে পাঁচটি পেট্রোল বোমাসহ আটক করা হয়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, সেলিম মিয়ার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করা হবে।
