ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ধ্যায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে আখাউড়া জংশন পেরিয়ে গঙ্গাসাগর স্টেশনের আগে চট্টগ্রামমুখী নাসিরাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মহসিন মিয়া জানান, একঘণ্টা পর ৮টার দিকে ট্রেন উদ্ধারে কাজ শুরু হয়য়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আখাউড়া জংশনের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে। কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
একটি বগির তিনটি চাকা খুলে গেলে ট্রেনটি লাইনচ্যূত হয় বলে জানান আখাউড়া রেলওয়ে ওই কর্মকর্তা।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের মাস্টার মহিদুর রহমান জানান, দুর্ঘটনার ফলে আখাউড়ায় উপকূল এক্সপ্রেস এবং কুমিল্লায় মহানগর গোধূলী এক্সপ্রেস আটকা পড়েছে।
