চাঁদা না পেয়ে ঠিকাদারকে কুপিয়ে জখম
গোপালগঞ্জে চাঁদা না পেয়ে এক ঠিকাদারকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদ ভবনের পাশে এ ঘটনা ঘটে।
আহত রাহাত খানকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বরিশালের কাউনিয়া এলাকার আব্দুল মোতালেব খানের ছেলে এবং মেসার্স এসএস জেভি কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী।
রাহাত খান জানান, গোপালঞ্জের জেল গেইট সেতু থেকে মানিকহার সেতু পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ঠিকাদারী পেয়েছেন তিনি।
তিনি অভিযোগ করেন, কাজের শুরু থেকেই সন্ত্রাসীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বিভিন্ন সময়। কিন্তু চাঁদা না দেওয়ায় শনিবার সকালে কাজ দেখতে গেলে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে চাঁদাবাজরা তার উপর হামলা চালায় এবং চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, ঘটনা শুনেছি। কিন্তু এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
