২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভেদের দেওয়াল ভাঙতে হবে: প্রধানমন্ত্রী

ধনী-দরিদ্র এবং ক্ষমতাবান ও ক্ষমতাহীনের মাঝে বিভেদ সৃষ্টিকারী দেওয়াল ভেঙে শান্তির জন্য রোটারিয়ানরা কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 02:54 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলন ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “আমি আশা করি রোটারিয়ানগণ ধনী-দরিদ্র, যোগ্য-অযোগ্য, ক্ষমতাবান ও ক্ষমতাহীনের মাঝে বিভেদ সৃষ্টিকারী দেওয়াল অপসারণ করে সারা বিশ্বের শান্তির জন্য কাজ করে যাবেন।”

শনিবার সকালে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের প্রচেষ্টার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ‘অহিংসা ও শান্তির সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাবনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে গৃহীত হয়।

শেখ হাসিনা বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে সর্বোচ্চ সংখ্যক সেনা সদস্য ও পুলিশ পাঠানোর মধ্য দিয়ে বিশ্ব শান্তির পক্ষে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।”

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ উগ্রবাদ ও সন্ত্রাসবাদ পছন্দ করে না। আমরা সব সময়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স দেখিয়ে যাচ্ছি।

“কোনো ব্যক্তি বা সংগঠন যাতে বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা পরিচালনা করতে না পারে সে ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

দারিদ্র্যকে মানবজাতির ‘সবচেয়ে বড় শত্রু’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, “দারিদ্র্য দূর করতে আমরা সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছি।”

ভিজিডি, ভিজিএফ, টিআর, জিআর, বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে এক কোটিরও বেশি মানুষ সরাসরি উপকৃত হওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মানব সম্পদের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আয়-বৈষম্য দূর করার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নেওয়া নানা উদ্যোগের কথা বলেন তিনি।

বাংলাদেশে দারিদ্র্যের হার ৪১ দশমিক ৫ শতাংশ থেকে ২৪ শতাংশে নেমে এসেছে। ২০০৬ সালে অতি দরিদ্রের হার ছিল ২৪ দশমিক ২ শতাংশ, যা এখন কমে ১১ শতাংশে নেমে এসেছে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, “সমাজের একটা অংশকে পশ্চাদপদ রেখে উন্নয়ন বা শান্তি কোনোটাই অর্জন সম্ভব নয়।”

ঢাকা মহানগর রোটারি ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে রোটারি ইন্টারন্যাশনালের সভাপতি কে আর রভিন্দ্রন বক্তব্য দেন।