২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে ককটেলে সার্জেন্ট আহত

বিএনপি জোটের অবরোধের মধ্যে রাজধানীর শ্যামলীতে হাতবোমা মেরে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে আহত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 12:55 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

গোলাম মাওলা নামের ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ওসি জি. বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে শ্যামলীতে শিশু মেলার সামনে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট গোলাম মাওলা।

সকাল ৮টার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। শরীরে হাতবোমার স্প্লিন্টার ঢুকে তিনি আহত হন।

গত এক মাসেরও বেশি সময় ধরে বিএনপি-জামায়াত জোটের অবরোধে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমাবাজির ঘটনা ঘটছে। নাশকতার এসব ঘটনায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

অবরোধকারীদের হামলা থেকে বাদ পড়ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। গত ১৭ জানুয়ারি রাতে শাহবাগে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসে পেট্রোল বোমা ও হাতবোমা হামলায় ১৩ পুলিশ দগ্ধ হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।