২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সদস্য শামীমের দাফন সম্পন্ন

অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহত পুলিশ কনস্টেবল শামীম মিয়ার (২৮) দাফন সম্পন্ন হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শুক্রবার দুপুরে জানাজা শেষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কুমিতপুর গ্রামে তাকে দাফন করা হয় বলে জানান পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ভোর ৪টার দিকে লাশ তার গ্রামের বাড়ি পৌঁছায়। দাফনের সকল প্রক্রিয়া শেষে বাদ জুম্মা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, আত্নীয়-স্বজনসহ এলাকার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় বলে জানান ওসি মজিবুর।

গত ১৭ জানুয়ারি দায়িত্বপালন শেষে রাত ৮টার দিকে পুলিশ বহনকারী বাসে করে রাজারবাগ পুলিশ লাইনে ফেরার পথে ঢাকার মৎস্য ভবনের সামনে তাদের বাসটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পুলিশ কনস্টেবল মো. শামীম মিয়াসহ ১৩ পুলিশ সদস্য দগ্ধ হন।

শামীমকে প্রথমে ঢাকা মেডিকেল কলজে হাসপাতাল বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

পুরনো খবর:

কনস্টেবল শামীমকে বাঁচানো গেল না