২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনস্টেবল শামীমকে বাঁচানো গেল না

বিএনপি জোটের অবরোধের মধ্যে রাজধানীর মৎস্য ভবন এলাকায় পুলিশের বাসে ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হওয়ার ১৯ দিন পর হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 01:42 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

নিহত শামীম মিয়া রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। পেট্রোল বোমায় দগ্ধ হওয়ার পাশাপাশি তার মাথায় স্প্লিন্টারও লেগেছিল।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরের কিছু আগে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল শামীমের মৃত্যু হয়।

গত ১৭ জানুয়ারি রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও মৎস্য ভবনের মাঝামাঝি এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী ওই বাসে পেট্রোল বোমা ও হাতবোমা হামলা হয়। এতে শামীমসহ ১৩ পুলিশ সদস্য দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

শামীমসহ দগ্ধদের দেখতে পরদিন হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ প্রধানকে নির্দেশ দেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারাদেশে লাগাতার অবরোধ ডাকার পর প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

গত এক মাসের অবরোধে নাশকতা ও সহিংসতায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই মারা গেছেন দগ্ধ হয়ে।

এর মধ্যে গত মঙ্গলবার ভোররাতে চৌদ্দগ্রামের মিয়াবাজারে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে আটজনের মৃত্যু হয়। এর আগে গত ১৪ জানুয়ারি রংপুরে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যান পাঁচ বাসযাত্রী।

কয়েকটি ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ইতোমধ্যে মামলাও করেছে পুলিশ।

পুরনো খবর:

ঢাকায় পুলিশের বাসে পেট্রোলবোমা হামলা
নাশকতাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর
বগুড়ায় ট্রাকে পেট্রোল বোমায় নিহত ২