কলারোয়া পৌর ছাত্রদল সভাপতি গুলিবিদ্ধ
পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাতক্ষীরার কলারোয়া পৌর ছাত্রদল সভাপতি আবদুল মজিদ গুলিবিদ্ধ হয়েছেন। তবে, তিনি এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে এ সংঘর্ষে পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।
আহত আবদুল মজিদকে (৩৭) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন সাংবাদিকদের জানান, ভোরে কলারোয়ার ঠাকুরবাড়ি এলাকায় নাশকতার লক্ষ্যে বেশ কয়েকজন জড়ো হয়েছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল ছোড়ে।
ওই সময় পুলিশও পাল্টা গুলি করলে কয়েকমিনিট সংঘর্ষ চলে। পরে আবদুল মজিদ গুলিবিদ্ধ হন।
পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
এসআই কামাল আরও জানান, সংঘর্ষে পুলিশের দুই সদস্য এএসআই ইকবাল ও কনস্টেবল শাহাদাতও আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি শাটার গান ও কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
কলারোয়া পৌর ছাত্রদল সভাপতি আবদুল মজিদ তুলশিডাঙ্গা গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
এসআই কামাল আরও জানান, মজিদ তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলা ও বিস্ফোরক আইনের একটি মামলাসহ ৪টি মামলার আসামি।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মারুফ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজিদের বাম পায়ের হাঁটুতে একটি গুলি লেগেছে। তিনি এখন শঙ্কামুক্ত।
