‘বোমা মারার’ পর পুলিশের গুলিতে শিবির নেতা নিহত
রাজশাহীতে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে পালানোর সময় ইসলামী ছাত্র শিবিরের তিন নেতা গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে কাটাখালী পৌরসভার শমসাদিপুরে এ ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান।
নিহত শাহাবুদ্দিন (২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের তথ্য বিষয়ক সম্পাদক ছিলেন। আহত দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল শিবিরের সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং বিনোদপুর মেস শিবির সভাপতি মফিজুর রহমান।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আলমগীর বলেন, “শিবির নেতাকর্মীরা রাত ৯টার দিকে শমসাদিপুরে টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ শটগানের গুলি ছুড়লে তিন জনেরই গুলি লাগে।”
তাদের মধ্যে শাহাবুদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এসময় শিবিরের ছোড়া হাতবোমার স্প্লিন্টারে কনস্টেবল মাহাবুবুর রহমান আহত হন বলে ওসি জানান।
পরে রাত ২টার দিকে আহত দুই শিবির নেতা ও পুলিশ সদস্য মাহাবুবুরকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয় বলে জানান তিনি।
নিহত শাহাবুদ্দিন নাটোরের ছাতনি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শস্যবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
আহত হাবিব বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চতুর্থ বর্ষের এবং মফিজুর আরবী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
