রাজধানীতে নাশকতায় গ্রেপ্তার ১৬
হরতাল-অবরোধে নাশকতায় জড়িত অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধের ডাক দেওয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমায় অর্ধ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।
নাশকতার এসব ঘটনায় জড়িতদের ধরতে প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
বুধবার রাতেও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৭৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
