নিরীহ মানুষের মৃত্যু ঠেকান: বিচারপতি সিনহা
গাড়িতে আগুন-বোমায় নিহতদের পরিবারের কথা চিন্তা করে এভাবে মানুষ পুড়িয়ে মারা বন্ধ করতে বলেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার মৌলভীবাজারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “সাধারণ মানুষের মৃত্যু আমাকে পীড়া দেয়। যে মানুষ মারা যাচ্ছে, তার পরিবারের কথা চিন্তা করুন।
“মতপার্থক্য থাকবে। তবে সবাই সহনশীল, সচেতন হলে নিরীহ মানুষগুলো এভাবে মৃত্যুবরণ করবে না।”
মৌলভীবাজার আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে বক্তব্যে গত এক মাসে সহিংসতার কথা তুলে ধরে এতে নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
নাশকতার এসব ঘটনায় এরইমধ্যে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই আগুনে পুড়ে মারা গেছেন।
গত মাসে প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নিজের জেলায় এলেন বিচারপতি এস কে সিনহা, যিনি আদিবাসী জনগোষ্ঠী থেকে বাংলাদেশের বিচারাঙ্গনের সর্বোচ্চ স্থানে প্রথম গেলেন।
বিচারপতি সিনহা বলেন, “আমাদের শাসনতন্ত্রের চারটি মূল স্তম্ভের একটি ধর্ম নিরপেক্ষতা। আমার প্রধান বিচারপতি নিয়োগ হওয়ার মধ্যে দিয়ে পরিপূর্ণতা পেয়েছে।”
মৌলভীবাজার আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত দাশ গুপ্তের সভাপতিত্বে পৌর জনমিলন কেন্দ্রে রাতের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী, জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, জেলা প্রশাসক কামরুল হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম, পুলিশ সুপার তোফায়েল আহমদ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মইন উদ্দিনও অনুষ্ঠানে বক্তব্য দেন।
মৌলভীবাজার আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের যে সব দাবি তোলা হয়, তা বাস্তবায়নসহ বিভিন্ন আইন যুগোপযোগী করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বিচারপতি সিনহা।
