সাংবাদিক পেটানো পুলিশের চাকরিচ্যুতির দাবি
একটি সংবাদপত্রের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও এক শিক্ষার্থীকে নির্যাতনকারী রমনা থানার এসআই মেহেদী হাসান সুমন ও দোষী পুলিশ সদস্যদের চাকুরিচ্যুতির দাবিতে পুলিশের মহাপরিদর্শককে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
বৃহস্পতিবার বিকালে পুলিশের মহাপরিদর্শক এ একে এম শহিদুল হকের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাংবাদিক সমিতির প্রতিনিধি দলের কাছ থেকে এই স্মারকলিপি গ্রহণ করেন।
সাংবাদিক সমিতির সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক সানাউল হক সানী ও দপ্তর সম্পাদক ফররুখ মাহমুদ।
গত ১ ফেব্রুয়ারি বিকেলে কাকরাইলে নিউ এইজ পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হুদা সুমন ও ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খায়রুজ্জামান শুভকে মারধর করেন রমনা থানার এসআই মেহেদী হাসান সুমনসহ কয়েকজন পুলিশ সদস্য।
স্মারকলিপিতে বলা হয়েছে, “দেশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্যদের এমন বর্বর আচরণে আমরা স্তম্ভিত। পুলিশ ও সাংবাদিক একে অপরের বন্ধু-সহযোগী, কখনোই প্রতিযোগী নয় কিংবা শত্রু নয়। কিন্তু এসআই মেহেদীর নেতৃত্ব কিছু পুলিশ যেভাবে সাংবাদিকদের ওপর আক্রমণ চালিয়েছে তাতে সকল বর্বরতাকেও ছাড়িয়ে গেছে বলে আমরা মনে করি।
“পুলিশের বাহিনীর মধ্যে ঘাঁপটি মেরে থাকা দেশবিরোধী চিন্তাচেতনার সদস্যদের দ্বারাই এমন ঘটনা ঘটানো সম্ভব। আমরা আরও অবাক হয়েছি এসব ঘটনায় এসআই মেহেদী হাসান মূল হোতা হলেও তাকে আড়াল করে গোলাম মোস্তফা নামের অপর এক এসআইকে ক্লোজ করা হয়েছে।”
হামলাকারী পুলিশ সদস্য মেহেদী হাসান সুমন ও তার সহযোগীদের চিহ্নিত করে চাকরিচ্যুতিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
