চট্টগ্রামে ৩ ফিলিং স্টেশনকে জরিমানা
লাইসেন্স নবায়ন না করে পেট্রোল ও দাহ্য পদার্থ বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরীর তিন ফিলিং স্টেশন ও দুই ব্যক্তিকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলা প্রশাসন পরিচালিত আলাদা দুটি ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের নেতৃত্বে টাইগার পাস, অলংকার মোড়, নয়া বাজার, আকবর শাহ ও কর্ণেল হাট এলাকায় ১৪টি ফিলিং স্টেশনে অভিযান চালায়।
এ সময় লাইসেন্স নবায়ন না করায় আলমাস ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করে আদালত।
বাকি ফিলিং স্টেশনগুলোতে কাগজপত্র ঠিক থাকায় এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে চলমান নাশকতার মধ্যে পেট্রোলসহ অন্যান্য দাহ্য পদার্থ বিক্রিতে তাদের আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।
অন্য ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
পতেঙ্গা, নতুন চাক্তাই ও মাঝির ঘাট এলাকায় ক্ষুদ্র ও খুচরা তেল বিক্রির দোকানে পরিচালিত এ অভিযানে দুটি ফিলিং স্টেশন ও দুজন ব্যক্তিকে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটি হল- নতুন চাক্তাই এলাকার সামিয়া ট্রেডার্স এবং পতেঙ্গা এলাকার সোহেল ট্রেডার্স। ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় তাদের।
মাঝির ঘাট এলাকার খুচরা জ্বালানি তেল বিক্রেতা মাহবুবুল আলম ও মো. আবদুল হালিমকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।
