জাগরণের বার্ষিকীতে চট্টগ্রামে কর্মসূচি
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের দুই বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের ফাঁসি অবিলম্বে কার্যকর ও দেশে চলমান সহিংসতা বন্ধের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বন্দর নগরীর চেরাগী পাহাড় মোড়ের কর্মসূচি থেকে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে এবং সহিংসতাকারীদের বিচারের আওতায় আনতে সরকারকে সক্রিয় হওয়ারও আহ্বানও জানানো হয়।
বিকাল ৩টায় গণজমায়েতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
আলোচনায় শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, “সরকারকে বলতে চাই- জনগণ কী চায়, তা শুনতে হবে। মানুষ শান্তি চায়। দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের পুষে রাখা হয়েছে। অন্যদিকে দেশ ক্ষত-বিক্ষত হচ্ছে। পুড়িয়ে মানুষ মারা হচ্ছে।
“সরকার কেন জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করছে না? যতদিন দেশে শান্তি ফিরবে না, প্রতিটি মানুষ প্রাণের নিরাপত্তা পাবে না, ততদিন গণজাগরণ মঞ্চের আন্দোলন চলবে। ১৬ কোটি মানুষ জেগে উঠলে রুখবার ক্ষমতা কারও নেই।”
সিপিবির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম বলেন, জামায়াতের লক্ষ্য গণতন্ত্র নয়। যুদ্ধাপরাধীদের বাঁচানো আর জঙ্গীবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের লক্ষ্য।
“জামায়াত বলছে এটা শেষ যুদ্ধ। আমাদেরও শেষ যুদ্ধে নামতে হবে। জাতির বিভক্তির অবসান ঘটাতে গণজাগরণের আন্দোলন চলবে।”
কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, “বিএনপি অতীতের মুসলিম লীগের স্থান দখল করেছে। তাদের আশ্রয় করে জামায়াতে ইসলাম সাধারণ মানুষ, গণতান্ত্রিক শক্তি ও সাংস্কৃতিক-রাজনৈতিক কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে।
“৭১ এর পরাজিত ধর্মান্ধ জঙ্গীগোষ্ঠী জোট বেঁধেছে। বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের সম্ভাবনায় তারা আঘাত করছে। এই ক্রান্তিকাল উত্তরণে গণশক্তির জোয়ার চাই। জাতিকে উদ্ধারে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।”
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব চন্দন দাশ বলেন, “সাম্প্রদায়িকতা, সহিংসতা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখনো চলমান। গণমানুষের দাবি নিয়ে গণজাগরণ মঞ্চ রাজপথে ছিল রাজপথে থাকবে।”
গণজারণ মঞ্চের সংগঠক দেলোয়ার মজুমদার বলেন, “ক্ষমতায় থাকা রাজনৈতিক শক্তি সবকিছু ভুলে যেতে চায়। গণজাগরণ থেমে যায়নি। জাগরণের যে বীজ শহীদ জননীর হাতে রোপিত হয়েছিল, তা বিরাট বৃক্ষে পরিণত হবে। এর শেকড় কেউ ওপড়াতে পারবে না।
“জনগণকে রক্ষার দায়িত্ব সরকারের। সরকারকে হুঁশিয়ার করতে চাই- সহিংসতাকারীদের গ্রেপ্তার করে অবিলম্বে বিচার করুন। খালদা জিয়াকে বলি, আপনি গোখরো সাপ পুষছেন। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার ত্রুটির সুযোগ অন্ধকারের শক্তি বাড়ে বাড়ে নিচ্ছে।”
গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ সেলিম, বাসদের জেলা সমন্বয়ক মহিন উদ্দিন, সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রামের সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদার।
অনুষ্ঠানে গান ও আবৃত্তি পরিবেশন করে চট্টগ্রাম সাংস্কৃতিক ইউনিয়ন, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, উদীচী শিল্পী গোষ্ঠী ও রক্তকরবীর শিল্পীরা।
