এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় চট্টগ্রাম পুলিশের তৎপরতা
এসএসসি পরীক্ষা কেন্দ্রে নাশকতারোধে চট্টগ্রাম নগরীতে সচেতনতামূলক সভা করেছে পুলিশ।
পরীক্ষা শুরুর আগের দিন বৃহস্পতিবার বিকালে বাকলিয়া থানা পুলিশ এই সভা করে।
গত ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালে দুটি পরীক্ষা পিছিয়েছে। শুক্রবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে এবছরের এসএসসি পরীক্ষা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য এ ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি জানান, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত করতে পারে এবং নিরাপদে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য এলাকাবাসীদের নিয়ে এই কর্মসূচি হয়।
সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে আইনশৃঙ্খলা রক্ষা কমিটি করা হয়েছে জানিয়ে ওসি মহসিন বলেন, বহিরাগত বা কোনো দুর্বৃত্তকে এলাকায় দেখা গেলে বা কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির খবর পাওয়া গেলে তা সরাসরি পুলিশকে জানাতে বলা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবছর ৮৮ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী অংশ নিবেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বোর্ডের অধীনে এবছর চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ১৫৯ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরমধ্যে ৩০টি চট্টগ্রাম শহরে ও ৯৯টি ১৪ টি উপজেলায়।
এছাড়া কক্সবাজারে ১৯, রাঙামাটি ১৫, খাগড়াছড়ি ১৬ এবং বান্দরবানে ১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব।
