নাশকতা বন্ধের দাবি বন্দর ব্যবহারকারীদের
দেশে পেট্রাল বোমা দিয়ে মানুষ পোড়ানোসহ চলমান সন্ত্রাস ও নাশকতা বন্ধের দাবি জানিয়েছেন বাগেরহাটের মংলা বন্দর ব্যবহারকারী, শ্রমিক-কর্মচারী ও ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষের জেটির প্রধান ফটকের সামনে এ দাবিতে মানববন্ধন করেন তারা।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, টানা অবরোধ-হরতালের ফলে মংলা সমুদ্র বন্দর দিয়ে পণ্য পরিবহন ও আমদানি-রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ক্ষতির মুখে পড়ছে ব্যবসা-বাণিজ্যসহ কোটি কোটি টাকার বিনিয়োগ।
দেশের অর্থনীতি বাঁচাতে নাশকতামূলক সকল কর্মকাণ্ড বন্ধ এবং অবিলম্বে অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মংলা বন্দরের ডেপুটি ট্রাফিক ম্যানেজার ও বন্দর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কাজী আব্দুর সালাম, সিবিএ সভাপতি মো. সাইফ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গণসংযোগ কর্মকর্তা মো. মাকরুর জামান প্রমুখ।
