বরগুনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বরগুনার বামনা উপজেলায় একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে তালতলী উপজেলার নিদ্রারচর গ্রামের ইউনুস মাঝির ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনসার জমাদ্দার উপজেলার উত্তর গুদিঘাটা গ্রামের বাসিন্দা।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মো. শহীদুল ইসলাম জানান, গত বছরে ৯ অক্টোবর রাত ৮টার দিকে একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে বামনার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র জুয়েলকে (১৮) পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
পরদিন জুয়েলের বাবা গোলাম মোস্তফা বামনা থানায় আনসার জমাদ্দারকে প্রধান আসামি করে মামলা করেন।
সিআইডি ও তালতলী থানা পুলিশ যৌথ অভিযানে আনসার জমাদ্দারকে গ্রেপ্তার করে।
মামলার বাদী গোলাম মোস্তফা জানান, ঘটনার দিন বিকালে এলাকার নদীর তীরে ঘুরতে গেলে প্রতিবেশী নেছার জমাদ্দারের ছেলে রুস্তুম তার মোবাইল ফোনটি জোর করে নিয়ে যায়।
পরে জুয়েল তার দুই বন্ধুকে নিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করতে গেলে রুস্তুমের সহযোগী রুবেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে রুবেলের চাচা আনসার জমাদ্দার এসে জুয়েলসহ তার দুই বন্ধুকে একটি ঘরে আটকে রেখে বেধড়ক পেটায়।
পুলিশে খবর দিলে বামনা থানার এসআই সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে জুয়েলসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতিতে জুয়েলকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর সেখানেই তার মৃত্যু হয়।
