পুলিশের ওপর হামলার অভিযোগে এসআইয়ের ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের ওপর হামলার আসামি এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিজেই পুলিশের একজন উপ পরিদর্শকের (এসআই) ছেলে।
হালিশহর থানার ওসি শাহজাহান ভূঁইয়া জানান, কে-ব্লক এলাকার একটি মসজিদের পাশ থেকে বুধবার গভীর রাতে পারভেজ আশরাফ পিয়াস (২২) নামের ওই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
পিয়াসের বাবা আবুল কালাম আজাদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন এসআই।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্নাতকের শিক্ষার্থী পিয়াস হালিশহর ‘কে’ এবং ‘এল’ ব্লাক এলাকায় শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে ওসি শাহজাহান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৩ সালের সেপ্টেম্বরে পুলিশের ওপর হামলার সময় ঘটনাস্থলে ছিলেন পিয়াস। ওই ঘটনায় করা মামলায় পিয়াসও আসামি।
