এবার বোমাবাজি বন্ধের দাবিতে শাহবাগে অবস্থান
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দুই বছর আগে যেদিনে শাহবাগে বসেছিলেন ছাত্র-জনতা, এবার সেই দিনে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন গণজাগরণকর্মীরা।
দুই বছর আগের দিনটি স্মরণে বৃহস্পতিবার দিনভর অবস্থানের পর বিকালে জাগরণ যাত্রা শেষে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “সারাদেশে মানুষ হত্যার যে মহোৎসব চলছে, পরর্বতী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে এই অবস্থান কর্মসূচি চলবে।”
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালের মধ্যে এদিন গণজাগরণ মঞ্চের কর্মসূচি পালিত হয়। বিএনপি-জামায়াত জোটের এই কর্মসূচিতে নাশকতায় গত এক মাসে অর্ধশতাধিক মানুষ নিহত হন।
সকালে শাহবাগের প্রজন্ম চত্বরে সমবেত হয়ে জাগরণ মঞ্চের কর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও বোমাবাজি বন্ধের দাবিতে নানা স্লোগান দেন। সেই সঙ্গে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতেও স্লোগান চালান তারা।
জামায়াতই দেশব্যাপী সহিংসতা চালাচ্ছে অভিযোগ করে ইমরান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই যুদ্ধাপরাধী সংগঠনটি গণতন্ত্রের নামে, বিভিন্ন মানুষের অধিকারের নামে কথা বলে। তারা একটি অপরাজনীতি করে মূলত যুদ্ধাপরাধীদের বিচার রুখে দেওয়ার চেষ্টা করছে।”
দেশজুড়ে যে নাশকতা চলছে, তা বন্ধ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান চলবে বলে জানান তিনি।
“দেশজুড়ে সহিংসতার প্রতিবাদে ছাত্র-শিক্ষকসহ কর্মজীবী, পেশাজীবী মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এই অবস্থান। সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে।”
বিকাল ৪টার দিকে শাহবাগের পুলিশ বক্সের পাশ থেকে ইমরানকে লক্ষ্য করে দুই মাটির ঢিল ছোড়া হয়। ঢিল লক্ষ্যভ্রষ্ট হয়ে স্লোগানরত মুক্তা বাড়ৈর গায়ে লাগে।
বিকালে জাগরণ পদযাত্রার আগে সমাবেশে ইমরান বলেন, “আজকে দেশে যারা নাশকতা চালাচ্ছে, সেই হায়নার দল আমাদের অবস্থান কর্মসূচিতে ঢিল ছুড়ে পণ্ড করতে পারবে না।”
“যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দুই বছর আগে আমরা একত্রিত হয়েছিলাম। আমাদের সেই সংগ্রাম চলছে-চলবে।”
এদিকে কামাল পাশা চৌধুরী নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের অন্য অংশ জাতীয় জাদুঘরে মূল ফটকের সামনে বিকাল পৌনে ৪টার সমাবেশ করে। সমাবেশ শেষ প্রতিবাদী গণসংগীত পরিবেশিত হয়।
সমাবেশে কামাল পাশা অবরোধ আহ্বানকারী বিএনপি-জামায়াত জোটের সঙ্গে কোনো আলোচনা না করতে সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “তাদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা নয়। সংলাপ করলে সরকার সন্ত্রাসীদের সঙ্গে আপস করবে।”
একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীন সাজার রায় প্রত্যাখ্যান করে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের জাগরণ। তাদের আন্দোলনের মুখে আইন সংশোধন করা হয়, যাতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের মতো আপিল করার সুযোগ পায় প্রসিকিউশন।
আপিলে কাদের মোল্লার সর্বোচ্চ সাজা হয়, যা ওই বছর ডিসেম্বরেই কার্যকর হয়।
