শিশুরাও আসছে, কিনছে বই
অমর একুশে গ্রন্থমেলায় এবার খানিকটা বড় পরিসরে বসেছে শিশুদের জন্য বইয়ের স্টল; অবরোধ-হরতালেও অভিভাবকদের সঙ্গে শিশুরা আসছে, দেখছে, বই কিনছে।
বাংলা একাডেমির পুরাতন ভবনের পাশেই নজরুল মঞ্চের চারদিকে বড় পরিসরে এবার বসেছে অন্তত ২০টি স্টল, যারা শিশুদের জন্য রম্য রচনা, ছড়া-কবিতা, কমিকস, রহস্য উপন্যাস, ভুতের গল্প ও অন্যান্য উপদেশধর্মী বইয়ের পসরা সাজিয়েছেন। একাডেমির দক্ষিণ পাশেও শিশুদের বইয়ের কয়েকটি স্টল রয়েছে।
মেলার চতুর্থ দিন বুধবার বিকালের অংশে ভিড় খুব একটা না থাকলেও সন্ধ্যা নামার পর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও পাশের সোহরাওয়ার্দী উদ্যানে বর্ধিতাংশে আসতে শুরু করে মেলার আমেজ।
নজরুল মঞ্চের পেছনে প্রকাশনা সংস্থা ঘাসফড়িংয়ের স্টলে সন্ধ্যার পর দেখা গেল কচিকাঁচার ভিড়। সঙ্গে আছেন অভিভাবকরাও।
শুভ্র শ্যামের লেখা ‘তপুদের গ্রামের বাড়ি’, ‘অপুর ইশকুল’ ও ‘বোকা ব্যাঙ’, আহসান হাবিবের লেখা ‘মাহির সমস্যা’, ‘সুইপার’ ও ‘মতিয়ারের ক্রিকেট খেলা’সহ বেশ কিছু শিশুতোষ বই এনেছে ঘাসফড়িং।
এ স্টলের বিক্রয়কর্মী অন্তরা জানান, বিক্রির মোটামুটি ভালো। তবে মেলার প্রথম সপ্তাহ বলে ভিড় ততোটা জমেনি।
বড়দের বইয়ের স্টলে এই সময়টায় ‘কেনার চেয়ে বই দেখার দিকে’ পাঠকদের আগ্রহ বেশি থাকলেও শিশুতোষ বইয়ের স্টলে ‘শিশু ক্রেতারা’ পছন্দ হলে বই কিনেই বাড়ি ফেরে বলে বিক্রয়কর্মীরা জানালেন।
প্রকাশনা সংস্থা রঙিনফুল এবার শিশুদের জন্য এনেছে ‘সাগর তলের মৎস্যকন্যা’, ‘ভুতকন্যা’, ‘অল্পকথার গল্পমালা’সহ কয়েকটি নতুন বই।
আর ঝিঙেফুল প্রকাশিত নতুন বইয়ের তালিকায় আছে- ‘ছাগল-পাগল-গাধাসমগ্র’, ‘রামছাগলের নাচ’, ‘গাধার বুদ্ধি’ ও ‘ব্যাঙে ব্যাঙে যুদ্ধ’।
চট্টগ্রামের প্রকাশনা সংস্থা শিশুরাজ্য একুশে বইমেলায় এসেছে এবারই প্রথম। তারা এনেছে ‘তামাশা কাতুকুতু জোকস’, ‘গল্পগুলো মাকে নিয়ে’ আর ‘ভোরের ফুলপাখিরা’।
সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার ‘অমর একুশে গ্রন্থমেলার’ একটি স্টলে দর্শনার্থী।ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার ‘অমর একুশে গ্রন্থমেলার’ একটি স্টলে দর্শনার্থী।ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, মেলার চতুর্থ দিনে ১০২টি নতুন বই এসেছে। সব মিলিয়ে চার দিনে নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৮টিতে।
বুধবার প্রকাশিত বইয়ের মধ্যে ১১টি গল্প, ১৫টি উপন্যাস, ১০টি প্রবন্ধ, ১৯টি কবিতা, একটি গবেষণা, ছয়টি ছড়া, সাতটি জীবনী, তিনটি মুক্তিযুদ্ধ বিষয়ক বই।
আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের সমাপ্তি
বিষয়ভিত্তিক আলোচনা, মতবিনিময় ও কালজয়ী নাটক পর্যালোচনার মধ্য দিয়ে বুধবার শেষ হয়েছে বইমেলা উপলক্ষে শুরু হওয়া আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন।
চার দিনব্যাপী এ সম্মেলনের চতুর্থ দিন সকালে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার উপস্থাপন করেন সমকালীন নাটকের প্রবণতা নিয়ে প্রবন্ধ ‘এই সময়ের সাহিত্য: নাটক’।
তিনি বলেন, নাটক রচনা ও মঞ্চায়নে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের তরুণরা যে অনন্য প্রতিশ্রুতির সাক্ষ্য বহন করছেন তা বাংলা নাটকের নতুন ভবিষ্যতের দিক নির্দেশ করে।
দুপুরে বাংলা ও বিশ্বনাটক বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন সুইজারল্যান্ডের তবিয়াস বিয়ানকনে, ভারতের নাট্যব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়, লেখক সৈয়দ শামসুল হক, মামুনুর রশীদ, অধ্যাপক সৈয়দ জামিল আহমেদসহ আরো অনেকে।
নতুন বই কিনে হাঁটতে হাঁটতেই চোখ বুলিয়ে নিতে দেখা যায় দুই বেইপ্রেমীকে। ছবিটি বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
হরতাল অবোরধের মাঝেও ‘অমর একুশে গ্রন্থমেলায়’ বুধবার মেলার চতুর্থ দিনে ছিল দর্শনার্থীদের ভিড়। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রবীন্দ্রনাটক ‘রক্তকরবী’, মুনীর চৌধুরীর ‘কবর’, আবদুল্লাহ আল মামুন রচিত ‘কোকিলারা’, সৈয়দ শামসুল হকের ‘ডেড পিকক’, সেলিম আল দীন রচিত ‘ধাবমান’, মামুনুর রশীদ রচিত রাঢ়াঙ, মাসুম রেজার ‘আরজ চরিতামৃত’, এস এম সোলায়মান রচিত ‘আমিনাসুন্দরী’, মান্নান হীরার ‘লাল জমিন’, লাকী ইনাম রচিত নাটক ‘সুদূরে দিগন্ত’ এর খণ্ডিত অংশ এই প্রদর্শনীতে দেখানো হয়।
সন্ধ্যায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন লেখক ও সাহিত্যিকরা। বিদেশি অতিথি ফ্রাঁস ভট্টাচার্য, হান্স হার্ডার, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এ সময় বক্তব্য দেন।
সাহিত্য সম্মেলনের ঘোষণাপত্রে বলা হয়, ১২টি দেশের সাহিত্য প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনের এ সম্মেলন মানব-ঐক্য, সহিষ্ণুতা ও শান্তির প্রতি লেখক-কবিদের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি অনাস্থা প্রকাশ করে বহুত্ববাদী অসাম্প্রদায়িক মানবপৃথিবী বিনির্মাণে সাহিত্যের চিরকালীন স্বরকে আরো শানিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করছে।
