২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের এক মাস: ফেনীতে নিহত ১, ব্যাপক নাশকতা

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের একমাসে ফেনীতে পিকেটারদের হামলায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। হাতবোমা হামলায় দুই এসএসসি পরীক্ষর্থীসহ অন্তত ১০ জন আহত হন। পেট্রোল বোমায় ৭ জন দগ্ধ হন।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 10:19 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

এছাড়া ৩৭টি গাড়িতে অগ্নিসংযোগের পাশপাশি অন্তত ২৫০টির অধিক গাড়ি ভাংচুর করা হয়।

ফেনীর সহকারী পুলিশ সুপার সাইফুল হক বুধবার এ তথ্য নিশ্চিত করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।

তিনি জানান, গত ১৪ জানুয়ারি পিকেটারদের হামলায় সোনাগাজী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নাশকতার ঘটনায় ৪৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও সাড়ে ৫শ জনকে আসামি করে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব নাশকতার মধ্যে বিচারপতির বাড়িতে আগুন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার গ্রামের বাড়ির খড়ের গাদায় আগুন, ম্যাজিস্ট্রেটের গাড়িতে, পৌরসভার মেয়র ও কাউন্সিলরের গাড়িতে আগুন দেওয়াসহ দুই স্কুল শিক্ষার্থীর উপর বোমা হামলা ঘটনা রয়েছে বলে জানান এই সহকারী পুলিশ সুপার।

নাশকতা

গত ৪ জানুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি কভার্ডভ্যানে আগুন, ৫ জানুয়ারি রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও সালাহ উদ্দিন মোড় এলাকায় দুটি সিএনজি অটোরিকশায় আগুন, ৬ জানুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুরে একটি ট্রাকে ও লালপোলে একটি কর্ভাডভ্যানে আগুন অবরোধ সমর্থকরা।

৫ জানুয়ারি শহরের ট্রাংক রোডের খাজুর চত্বরে রিকশায় ছোড়া হাতবোমা বিস্ফোরণে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিক (১৬) ও শাহরিয়ার হৃদয় (১৫) গুরুতর আহত হয়। তারা বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছে।

গত ৮ জানুয়ারি ভোরে বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়ি সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বালুয়া চৌমুহনীর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

একইদিন রাতে মহাসড়কের লেমুয়ায় একটি ট্রাকে ও মোহাম্মদ আলী বাজার এলাকায় একটি কর্ভাডভ্যানে আগুন দেয়।

৯ জানুয়ারি রাতে শহরের শীদুল্লাহ কায়সার সড়কে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর গাড়িতে হাতবোমা হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদির মিয়াসহ দুইজন আহত হয়।

১০ জানুয়ারি রাতে মহিপাল এলাকায় কভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানে আগুন, ফেনী-নোয়াখালী সড়কের মাতুভূঁঞা এলাকায় একটি ট্রাক ও শহরের পলিটেকনিক্যাল এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়ার ঘটনা ঘটে।

একইদিন শহরের খাজুরিয়া এলাকায় অবরোধকারীরা পুলিশ বহনকারী পিকআপ ভ্যান লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। এতে পুলিশের গাড়ির সামনে অংশ পুড়ে যায় এবং এক পুলিশ কনস্টেবল আহত হন।

২০ জানুয়ারি শহরের লালপোল থেকে ফেনী ফেরার পথে পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ মানিকের গাড়িতে দুর্বৃত্তরা গাড়িতে হাতবোমা হামলা হয়।

এছাড়া ১ ফেব্রুয়ারি সদর উপজেলার বালিগাঁও এলাকায় যাত্রীবাহী অটোরিকশায় হাতবোমা হামলায় কামাল উদ্দিন নামে এক যাত্রী আহত হন। তিনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

২ ফেব্রুয়ারি শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে ফেনী পৌরসভার মেয়রের গাড়িতে পেট্রোল বোমা হামলায় চালক সাইফুল ইসলাম গুরুত্বর আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।