কুমিল্লায় শিবিরের ৪ নেতাকর্মী গুলিবিদ্ধ
কুমিল্লা সদর দক্ষিণের কৃষ্ণপুর গ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের চার নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বুধবার ভোরে এ ঘটনার পর তাদের কাছ থেকে দুইটি রিভলবার, দুই রাউন্ড গুলি ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
এরা হলেন শিবিরের চৌদ্দগ্রাম উপজেলা উত্তরের সভাপতি নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামের ইছহাক মিয়ার ছেলে বোরহান উদ্দিন (২৫), সদর দক্ষিণের মাদারপুস্করনী গ্রামের আব্দুল বারীর ছেলে মো. আবদুল আলীম (২২), চৌদ্দগ্রামের নালঘর গ্রামের ফজলুর রহমানের ছেলে আবু ইউছুফ (২৫) ও মৌলভীবাজারের কুলাউড়ার পশ্চিম ঘোড়াবই গ্রামের মো. আবুল কালামের ছেলে আবু সুফিয়ান (২০)।
তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি এ কে এম মনজুর আলম।
মনজুর আলম সাংবাদিকদের জানান, মহাসড়কে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের এস্কর্ট ডিউটি করাকালে সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর এলাকায় বুধবার ভোর ৪টায় ডিবি পুলিশের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ সময় ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ১৭ রাউন্ড গুলি ছোড়ে।
এক পর্যায়ে রিভলবার, গুলি ও পেট্রোল বোমাসহ চার জনকে আহত অবস্থায় আটক করা হয়।
ওসি মনজুর জানান, এ সময় গোয়েন্দা পুলিশের ৬ সদস্য এসআই মো. আদিল মাহমুদ, শাহ কামাল আকন্দ, মো. সহিদুল ইসলাম, এএসআই মো. নজরুল ইসলাম, কনস্টেবল শ্যামল চক্রবর্তী ও বাহারুল ইসলামও আহত হয়েছেন।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
