২৫ হাজার ট্যাব পাচ্ছেন সরকারি কর্মকর্তারা
সরকারি কাজে গতিশীলতা আনতে কর্মকর্তাদের হাতে ২৫ হাজার ট্যাবলেট পিসি তুলে দিচ্ছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার কর্মকর্তাদের মধ্যে এই ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টায় ডাক, টেলিয়োগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
রূপকল্প-২০২১ অনুযায়ী ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার কর্মসূচির অংশ হিসাবে ‘ইনফো সরকার-২’ নামের একটি প্রকল্পের আওতায় কর্মকর্তাদের এই ২৫ হাজার ট্যাব দেওয়া হচ্ছে।
জাতীয় ডেটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সেন্টার নির্মাণ ও বাংলাদেশ সচিবালয়ে ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপনের কার্যক্রমও এ প্রকল্পের অন্তর্ভুক্ত।
