২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ামতপুরে মাইক্রোবাসে অগ্নিসংযোগ, আটক ৩

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি মাইক্রোবাস জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 04:56 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

পুলিশ জানায়, বুধবার ভোরে দেওয়া আগুনে মাইক্রোবাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। তবে, জড়িত অন্যদের ধরতে আটক তিন জনের নাম প্রকাশ করা হয়নি। 

নিয়ামতপুর থানার ওসি মো. ওবাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো পোস্ট অফিসের মোড়ে ৭/৮টি মাইক্রোবাস পার্কিং করা ছিল।

ভোর ৪টার দিকে হরতালকারীরা মাইক্রোবাসটিতে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভোর রাতেই তিন জনকে আটক করা হয়েছে। এখনও অভিযান অব্যাহত আছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধের ডাক দেন। এরমধ্যে হরতালও হয়েছে কয়েক দফা।

বিএনপি-জামায়াত জোটের চলমান এই অবরোধ-হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

এক মাসের অবরোধে এসব ঘটনায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।