২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোমা মারতে গিয়ে’ পুলিশের গুলিতে আহত

রাজধানীর শাহজাহানপুরে হরতাল-অবরোধের সমর্থনে হাতবোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে পুলিশের গুলিতে এক বিএনপি কর্মী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 09:17 AM

Updated : 22 Aug 2022, 11:38 AM

আহত কাউসারকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোরে শাহজাহানপুরের আমতলীতে এ ঘটনা ঘটে বলে শাহজাহানপুর থানার পরিদর্শক মো. দাউদ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধ-হরতালে নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নিয়ে একটি গাড়ি ভোরের দিকে আমতলীতে গেলে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

“পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামলে রাস্তার দুই পাশ দিয়ে দুজনকে দৌঁড়ে যেতে দেখা যায়। ধাওয়া দিলে আবারো হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা। এ সময় শটগানের গুলি ছুড়লে কাউসার আহত হয়।”

পরে তাকে আটক করে ঢাকা মেডিকেলে নেওয়া হয় বলে জানান তিনি।

কাউসারের বাড়ি চাঁদপুরে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন পরিদর্শক দাউদ।

বিএনপি নেতৃত্বাধীন জোট গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ ডাকার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই গাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

প্রায় এক মাসের অবরোধে নাশকতায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে,যাদের বেশিরভাগই আগুনে পুড়ে মারা যান।