২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ডে দগ্ধদের জন্য ওয়ার্ড চালু

হরতাল-অবরোধে নাশকতার প্রেক্ষাপটে পোড়া রোগীদের চিকিৎসায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে দশ শয্যার নতুন একটি ওয়ার্ড চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 03:56 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

ঢাকার এ হাসপাতালে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট থাকলেও এতদিন সেখানে শুধু প্লাস্টিক সার্জারি হত।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক মো. জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্বিক অবস্থা বিবেচনায় জরুরি বিভাগের তৃতীয় তলায় এ ওয়ার্ড চালু করা হয়েছে। মঙ্গলবার থেকে আমরা রোগীদের সেবা দিতে পারব।”

নতুন চালু এ ওয়ার্ডের জন্য একজন সহযোগী অধ্যাপক, তিনজন সহকারী রেজিস্ট্রারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আরও চারজন চিকিৎসক চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে।

তবে এ ওয়ার্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় মারাত্মক রোগীদের প্রাথমিক সেবা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জাকির হোসেন জানান।

এ ওয়ার্ডের সব খরচ হাসপাতালের বাজেট থেকেই দেওয়া হবে বলে পরিচালক জানান।

দেশে চলমান সহিংসতায় দগ্ধদের সংখ্যা বেড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটসহ দেশের অন্য হাসপাতালগুলো রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। এ পর্যন্ত শতাধিক রোগী শুধু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটেই চিকিৎসা নিতে এসেছেন।

নারায়ণগঞ্জেও দুই বার্ন ইউনিট

আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে নারায়ণগঞ্জে দুটি হাসপাতালেও বার্ন ইউনিট চালু করা হয়েছে।

মঙ্গলবার সকালে নগরের খানপুর হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এ ইউনিট চালু করা হয় বলে জেলার সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী জানান।

তিনি বলেন, সহিংসতায় আগুনে পোড়া রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে সরকারের নির্দেশে এসব ইউনিট খোলা হয়েছে।

নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালের মেডিকেল অফিসার মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালের জরুরি বিভাগের দুইজন শল্য চিকিৎসক ও দুইজন নার্স এ ইউনিটে দায়িত্ব পালন করবেন।

খানপুর ৩০০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক শফিউল আজম জানান, সরকারিভাবে হাসপাতালে দগ্ধদের চিকিৎসার জন্য দুটি শয্যা রাখার নির্দেশ থাকলেও তিনটি শয্যা রাখা হয়েছে।

এ হাসপাতালে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য দুজন শল্যচিকিৎসক, একজন অর্থোপেডিক, রেজিস্ট্রার এবং দুজন সহকারী, ছয়জন নার্স এবং তিন শিফটে তিনজন ওয়ার্ডবয় রাখা হয়েছে বলে শফিউল আজম জানান।