২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে পেট্রোল-হাতবোমাসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে ১৮টি পেট্রোল বোমা ও নাশকতার বিভিন্ন সরঞ্জামসহ জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 03:22 PM

Updated : 12 Oct 2022, 03:15 PM

মঙ্গলবার ভোরে হাটহাজারী উপজেলায় এ অভিযান চালানো হয়।

এর আগে সোমবার দুপুরে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে হাটহাজারী কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুককে (২৪) গ্রেপ্তার করেছিল পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম ‍উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওমর ফারুককে গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“অভিযানে ১৮টি পেট্রোল বোমা, দুটি হাতবোমা, ১২০টি চকলেট বোমা, পেরেক দিয়ে বানানো গাড়ির চাকা ফুটো করার বিশেষ যন্ত্রাংশ, একটি ল্যাপটপ ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।”

পুলিশ কর্মকর্তা নিজাম বলেন, গ্রেপ্তাররা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

গ্রেপ্তার ছয়জনের তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিবিরকর্মী। তারা হলেন- নজরুল ইসলাম (রাজনীতি বিজ্ঞান বিভাগ), সুজায়েত হোসেন (ইতিহাস) ও মাহমুদুল আকন্দ।

সোমবার সকালে ফতেয়াবাদ এলাকায় একটি সবজিবাহী ট্রাকে ‍অগ্নিসংযোগের ঘটনায় শিবির নেতা ওমর ফারুক জড়িত বলে জানিয়েছে পুলিশ।