ফেনীর মেয়রের গাড়িতে বোমা, চালক আহত
ফেনী পৌর মেয়রের গাড়িতে হাতবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় মেয়র গাড়িতে ছিলেন না। আহত হয়েছেন তার গাড়ি চালক।
সোমবার রাতে শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে এ হামলা হয় বলে পুরিশ জানিয়েছে।
আহত চালক সাইফুল ইসলামকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, রাতে মেয়র আলাউদ্দিনের প্রাইভেটকারটি শহরের সেন্ট্রাল হাই স্কুল এলাকায় পোঁছলে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল মারে।
এতে গাড়ির গ্লাস ভেঙে যায় ও চালক সাইফুল ইসলাম গুরুত্বর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
আহত সাইফুল দাগনভূঞার বেকের বাজার এলাকার আবদুল হকের ছেলে। ঘটনার সময় মেয়র আলাউদ্দিন গাড়িতে ছিলেন না বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, সাইফুলের মাথা ও হাতে বেশ কয়েকটি স্প্লিন্টার ঢুকেছে। তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
