২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ

পিরোজপুরের স্বরূপকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 05:57 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

পুলিশ জানায়, সোমবার সকালে বাড়ির পাশের একটি বাগানের গর্ত থেকে হালিমের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুল হালিম (৭২) উপজেলার সুটিয়াকাঠি এলাকার বাসিন্দা। এ হত্যার ঘটনায় হালিমের ছেলে কায়সরকে (৩০) আটক করা হয়েছে।

স্থানীয়দের উদ্ধৃত করে স্বরূপকাঠি থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন হালিম। রাতে আত্মীয়স্বজনরা প্রতিবেশীদের নিয়ে তাকে খুঁজতে বের হয়ে মসজিদ থেকে বাড়ির পথের বিভিন্ন স্থানে ছোপ ছোপ রক্ত এবং বাড়ির কাছে এসে কায়সারের রক্ত ও কাদামাখা জামাকাপড় দেখতে পান।

সকালে বাড়ির পাশের ওই বাগানের মধ্যে স্থানীয়রা নতুন মাটি খোঁড়া দেখে সন্দেহ করে এবং ওই স্থানের সামান্য মাটি সরিয়ে হালিমের লাশ দেখতে পায়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি বলেন, ঘটনাস্থলের পাশের এলাকা থেকে হালিমের ব্যবহার করা জ্যাকেট ও চাদর এবং কায়সারের ব্যবহার করা রক্তমাখা প্যান্টসহ পেট্রোল, কাঠ, শাবল, টর্চ লাইট ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

লাশের সুরতহালে মাথার বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে পেটানোর আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

"কায়সারই নিজের বাবাকে হত্যা করে মাটিচাপা দেওয়ার পর পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন ওসি।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের পর থেকে কায়সার পলাতক রয়েছেন। তিনি মাদকাসক্ত বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন।