ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, বাড়িঘরে আগুন-লুটপাট
ব্রাহ্মণবাড়িয়া সদরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার রাজঘর গ্রামে এ সংঘর্ষের সময় অন্তত আটটি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়ির মালামাল।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া দিলে দাঙ্গাবাজরা ক্ষেতে নেমে যায়।
এরপর সংঘর্ষ নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।
তবে আটক কারও নাম জানাননি এ পুলিশ কর্মকর্তা।
এদিকে সংঘর্ষে আহতরা গ্রেপ্তার আতঙ্কে শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে লুকিয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ায় তাৎক্ষণিকভাবে আহত কারও পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজঘর গ্রামের আলী আজম নামে এক আইনজীবী ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রউফ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।
এর জের ধরে দুই পক্ষের শতাধিক লোক সকালে টেটা, বল্লম ও রামদাসহ অন্যান্য দোশ অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছে।
এর আগেও শুক্রবার রাত ও শনিবার দিনভর দুই পক্ষের লোকজন দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। সে সময় পাঁচটি বসতঘর ও বাজারের চারটি দোকানে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। ওইদিনের সংঘর্ষে দুইপক্ষের অন্তত ৪০ জন আহত হয়।
